
নয়ডা, ৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে নয়ডার সেক্টর ২০ থানার অন্তর্গত এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের নাম শিবম দুবে এবং শুভম পাঠক। দুজনই উত্তর প্রদেশের অযোধ্যা জেলার বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৩৭ কিলো ৭০০ গ্রাম মাদক (গাঁজা) যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, এই পাচারকারীরা শাড়ির ভেতরে গাঁজা লুকিয়ে তা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবর পেয়ে এদিন সকালে সেক্টর ১৭ জেজে কলোনির কাছে নজরদারি বাড়ায়। সেইসময় দুজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশির পর তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় শিবম এবং শুভম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায়, তারা ওড়িশা থেকে গাঁজা আমদানি করে কলকাতার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ির ভিতর লুকিয়ে নয়ডায় আসছিল। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক