ডোমজুড়ে তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধার, ধৃত পঞ্চায়েতের উপপ্রধান
ডোমজুড়, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উদ্ধার করা হল প্রচুর গাছ বোমা। বোমা মজুত-সহ তোলাবাজি, অবৈধভাবে সরকারি সম্পত্তি ব্যবহার, সম্পত্তি মজুত করার অভিযোগে ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ।
ডোমজুড়ে তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধার, ধৃত পঞ্চায়েতের উপপ্রধান


ডোমজুড়, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উদ্ধার করা হল প্রচুর গাছ বোমা। বোমা মজুত-সহ তোলাবাজি, অবৈধভাবে সরকারি সম্পত্তি ব্যবহার, সম্পত্তি মজুত করার অভিযোগে ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতেই তাঁকে আটক করেছিল পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। বিজেপির অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের খুন করার ছক কষা হচ্ছিল। সেই কারণেই পার্টি অফিসে এত বিপুল পরিমাণ বোমা মজুত করে রেখেছিল তৃণমূল।

তোলাবাজি ছাড়াও বুবাই চক্রবর্তীর বিরুদ্ধে ২০২১ সালে ভোটের পরে সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি পঞ্চায়েতের টাকা আত্মসাৎ, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তোলাবাজি ও তাঁদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বুবাইকে নারনার পিপিলাই গ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ। এরপর তাঁর বাড়ির কাছেই তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় প্রচুর গাছ বোমা। ওই বোমাগুলি পঞ্চায়েতের উপ-প্রধানই মজুত করে রেখেছিলেন বলে অভিযোগ। সব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এই প্রসঙ্গে বিধানসভা নির্বাচনে ডোমজুড়ের স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরা বুধবার বলেন, “তৃণমূলের এই নেতারা ভেবেছিল, এবার ভোটে জিতলে বিজেপির নেতা-কর্মীদের খুন করবে। আর সেই কারণেই দলীয় কার্যালয়ে বোমা, থান কাপড় এসব রেখে দিয়েছিল। অবশেষে পুলিশ খবর পেয়ে আইনানুগ ব্যবস্থা করেছে।” অন্যদিকে ধৃত তৃণমূল নেতা বুবাই চক্রবর্তী জানান, “তৃণমূল করার জন্য আমাকে বিজেপি মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande