তেলিয়ামুড়ায় ‘শক্তি সদন’-এর উদ্বোধন, অসহায় মহিলাদের সুরক্ষা ও স্বনির্ভরতার নতুন উদ্যোগ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : সমাজের অসহায়, নির্যাতিতাও সুবিধাবঞ্চিত মহিলাদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘শক্তি সদন’। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উ
তেলিয়ামুড়ায় শক্তি সদন উদ্বোধন


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : সমাজের অসহায়, নির্যাতিতাও সুবিধাবঞ্চিত মহিলাদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘শক্তি সদন’। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্রটি ভবিষ্যতে মহিলাদের জন্য নিরাপদ আশ্রয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বুধবার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘শক্তি সদন’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায়, রূপক সরকার, নন্দন রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, প্রশাসনিক প্রতিনিধি এবং ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পদাধিকারীরা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে নানা প্রতিকূলতার শিকার হয়ে অনেক মহিলা নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বিবেচনায় রেখে ‘শক্তি সদন’ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়প্রার্থী মহিলাদের শুধু নিরাপদ বাসস্থানের ব্যবস্থা নয়, তাঁদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মানসিক পরামর্শ এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগও প্রদান করা হবে।

বক্তারা আরও জানান, কেন্দ্রটিতে সেলাই, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সংগঠনটি রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের কল্যাণে সচেতনতামূলক কর্মসূচি, স্বাস্থ্য শিবির, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ‘শক্তি সদন’ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা বহু অসহায় মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রকল্পটির প্রশংসা করে বলেন, মহিলাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের মাধ্যমে বহু দুঃস্থ ও নির্যাতিতা মহিলা নতুন জীবন শুরু করার সুযোগ পাবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

এদিকে, অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতি লক্ষ্য করা যায়। এলাকাবাসী নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শক্তি সদন’ শুধু একটি আশ্রয়কেন্দ্র নয়, বরং অসহায় মহিলাদের জন্য নতুন সম্ভাবনা ও আশার দ্বার উন্মোচন করবে। তাঁদের মতে, এই প্রকল্প ভবিষ্যতে বহু মহিলার জীবনকে নতুন দিশা দেখাবে এবং সমাজে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande