
ঢাকা, ৩০ জুন (হি.স.) : রাজধানীর পুরান ঢাকার ওয়ারি এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরি (২৫)-র ওপর অতর্কিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সোমবার মধ্যরাত প্ৰায় ১২টার দিকে ওয়ারি থানাধীন ১৫ নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে ঘটনাটি সংগঠিত হয়েছে। আহত পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা জানান, রাতে ওষুধ কেনার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর একদল দুর্বৃত্ত সুভাষ দেউরির ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত লাগে। পরে হামলাকারীরা তাঁর মোবাইল ফোনের হ্যান্ডসেট ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হামলার পর আহত অবস্থায় সুভাষ দেউরি দীর্ঘক্ষণ ঘটনাস্থলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার পর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন থেকে সুভাষ দেউরির বোন জয়ার কাছে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ন্ত স্বর্ণকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুভাষ দেউরি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মন্দির কমিটির সদস্যদের নিয়ে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এর বাইরে নিশ্চিত কোনও তথ্য এখনও আমাদের কাছে নেই।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর ফারুক হোসেন জানান, আহত পুরোহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট ওয়ারি থানাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ওয়ারি থানার ওসি মতিউর রহমান জানান, গণমাধ্যমের মারফত তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ দ্রুত তদন্ত শুরু করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস