ময়মনসিংহে দত্তবাড়ি সর্বজনীন পূজামন্দিরে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তে তৎপর পুলিশ
ময়মনসিংহ (বাংলাদেশ), ৩০ জুন (হি.স.) : ময়মনসিংহে দত্তবাড়ি সর্বজনীন পূজামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ-বিক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়েছে পুলিশ। ময়মনসিংহ
ময়মনসিংহে দত্তবাড়ি সর্বজনীন পূজামন্দিরে প্রতিমা ভাঙচুর


ময়মনসিংহ (বাংলাদেশ), ৩০ জুন (হি.স.) : ময়মনসিংহে দত্তবাড়ি সর্বজনীন পূজামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ-বিক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়েছে পুলিশ।

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামের দত্তবাড়ি সর্বজনীন পূজামন্দিরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুরের এক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সোমবার সকাল প্ৰায় পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয় কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ২৫ থেকে ৩০ বছর বয়সি লুঙ্গি ও গেঞ্জি পরিহিত এক যুবক একটি বাঁশ ও ইট দিয়ে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর সে মন্দিরে স্থাপিত কালী ও লক্ষ্মী প্রতিমা সহ পূজার বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় এক বাসিন্দা ছাদ থেকে বিষয়টি দেখে চিৎকার করে আশপাশের মানুষকে ডাকলে অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক সুজনচন্দ্র দত্ত গভীর বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিগত প্রায় ৩৭ বছর ধরে এই মন্দিরে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। এই এলাকায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে গভীর সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। স্থানীয় মুসলিম ভাইয়েরাও সবসময় আমাদের সহযোগিতা করে আসছেন। হঠাৎ কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা আমাদের বোধগম্য নয়।’

তিনি জানান, মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বিমল চন্দ্র সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দ্রুত তদন্ত শেষ করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সার্বিক অগ্রগতি নিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক কাজ করছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সুশীল সমাজ এলাকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে শান্ত থাকতে এবং কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande