কাঠমান্ডুতে যানজট নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার শুরু
কাঠমান্ডু, ৩০ জুন (হি.স.) : ক্রমবর্ধমান যানজট সামাল দিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিল নেপালের রাজধানী কাঠমান্ডু। ট্র্যাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনার জন্য রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে কাঠম
কাঠমান্ডুতে যানজট নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার শুরু


কাঠমান্ডু, ৩০ জুন (হি.স.) : ক্রমবর্ধমান যানজট সামাল দিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিল নেপালের রাজধানী কাঠমান্ডু। ট্র্যাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনার জন্য রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে কাঠমান্ডু ট্র্যাফিক পুলিশ।

প্রাথমিক পর্যায়ে শহরের সবচেয়ে যানজটপূর্ণ মোড় ও চৌরাস্তাগুলিতে রোবট মোতায়েন করা হয়েছে। রাজধানীর ব্যস্ততম কয়েকটি মোড়ে ট্র্যাফিক পুলিশের সংখ্যা কমিয়ে সেখানে রোবটকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত চালকদের জন্য যে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেই প্রশিক্ষণ পরিচালনার কাজেও রোবটকে প্রস্তুত করা হচ্ছে।

ট্র্যাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি লেন শৃঙ্খলা ভঙ্গ, লালবাতি অমান্য, মত্ত অবস্থায় গাড়ি চালানো, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর মতো অপরাধে ধরা পড়া চালকদের যে সংশোধনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, সেই কাজও ধাপে ধাপে রোবটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার কাঠমান্ডু ট্র্যাফিক পুলিশের এসএসপি সুরেশ কাফলে জানান, বর্তমানে রোবটকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে সচেতনতামূলক ক্লাস পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যেই তাকে প্রস্তুত করা হচ্ছে।

তিনি জানান, ট্র্যাফিক পুলিশ প্রতিদিন প্রায় ৬০০ জন ট্র্যাফিক আইন ভঙ্গকারীর জন্য সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে। এছাড়া, নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পার হওয়া পথচারীদেরও সচেতন করতে রোবট ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এসএসপি কাফলে বলেন, পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শেষ হলে রোবট ট্র্যাফিক পুলিশের পোশাক পরে ভার্চুয়াল ট্র্যাফিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande