
সিউল, ১ জুলাই (হি.স.) : চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিষ্ঠার ১০৫তম বর্ষপূর্তি উপলক্ষে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন তিনি।
জানা গেছে শুভেচ্ছাবার্তায় কিম বলেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়া নতুন চিনের উত্থান সম্ভব হতো না। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে এগিয়ে চলতে গিয়েই চীনের মানুষ এই সত্য উপলব্ধি করেছে।
বার্তায় গত জুন মাসে পিয়ংইয়ংয়ে শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গও উল্লেখ করেন কিম। ৮ ও ৯ জুন দু'দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন শি, যা প্রায় সাত বছরের মধ্যে তাঁর প্রথম সফর। সেই বৈঠকে দুই দেশ রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।
আরও জানা গেছে , শি জিনপিংকে পাঠানো বার্তায় কিম বলেন, দুই দেশের শাসক দলের নেতৃত্বই দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ় ভিত্তি।
তিনি আরও জানান, সমাজতন্ত্রকে আরও শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে শি জিনপিংয়ের সঙ্গে একযোগে কাজ করতে উত্তর কোরিয়া প্রস্তুত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য