
গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : অনুমতি ছাড়া সরকারি সম্পত্তিতে সোনম ওয়াংচুকের ছবি আঁকার অভিযোগে দুই যুবককে আটক করেছে দিশপুর পুলিশ। আটক দুই যুবক যথাক্ৰমে ডিব্রুগড়ের নকুল মিলি এবং গুয়াহাটির দক্ষিণগাঁওয়ের গৌরব সিং।
আজ শনিবার দিশপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে জ্যোতি-বিষ্ণু ভবনের নিকটবর্তী রাস্তার ধারে একটি সরকারি দেওয়ালে ছবি আঁকার সময় টহলরত পুলিশ তাঁদের আটক করেছে। সূত্র জানিয়েছে, সরকারি বা জনসাধারণের সম্পত্তিতে কোনও ধরনের ছবি, প্রতিকৃতি বা গ্রাফিতি আঁকার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া দেওয়ালে প্রতিকৃতি আঁকার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সরকারি সম্পত্তি বিকৃত না করার নির্দেশও লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ পুলিশের।
সূত্রের খবর, উভয়ের বিরুদ্ধে দিশপুর থানায় ৫২৪/২৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে। তবে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করার পর আইনানুগ প্রক্রিয়া মেনে মুচলকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে থানার সূত্র।
এদিকে, বশিষ্ঠ উড়ালপুলের নীচে খুঁটিতে অনুমতি ছাড়া ছবি আঁকার ঘটনায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। ওই ঘটনায় জড়িতদেরও তদন্তের স্বার্থে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের সূত্র জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সরকারি বা জনসাধারণের সম্পত্তিতে কোনও ধরনের ছবি বা চিত্রাঙ্কন করা আইনবিরুদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস