
পাথারকান্দি (অসম), ১৮ জুলাই (হি.স.) : গোপন সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে কাটা বনজ কাঠ ও করাত সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোয়াইরপোয়া বন দফতর। আজ শনিবার ধৃতকে শ্রীভূমি জেলার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে লোয়াইরপোয়া বনাঞ্চলের রেঞ্জ ফরেস্ট অফিসার পরাগজ্যোতি শর্মার নেতৃত্বে একটি দল লঙ্গাই বিটের অন্তর্গত ছলামনা ফরেস্ট ভিলেজের বড়ছবড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা আবু বক্করকে অবৈধভাবে কাটা বনজ কাঠ ও করাত সহ হাতেনাতে আটক করা হয়।
ধৃত আবু বক্কর, রহিম উদ্দিনের ছেলে। বন বিভাগের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে লঙ্গাই সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে পাচারের সঙ্গে জড়িত। অভিযানের পর তাঁকে রাতেই বাজারিছড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরেরদিন আজ শনিবার বন বিভাগের পক্ষ থেকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস