
উত্তর দিনাজপুর, ১৯ জুলাই (হি.স.): সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এলাকা, অভিযোগ এমনই| পাম্পের সাহায্যে জমা জল দ্রুত বের করা এবং স্থায়ী নিকাশি পরিকাঠামো গড়ে তোলার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জবাসীদের একাংশ। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের দেহশ্রী মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়।
রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দাদের একাংশ দেহশ্রী মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে ব্যস্ততম ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ এবং পুরসভার প্রতিনিধিরা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ বিক্ষোভ। পরে, পুলিশ ও রায়গঞ্জ পুরসভার কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ