উজান অসমে বন্যা পরিস্থিতির অবনতি, স্থল ও বায়ুসেনাকে প্রস্তুত থাকার অনুরোধ অসম সরকারের
গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : উজান অসমে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার অভিযানে ভারতীয় স্থল এবং বায়ুসেনাকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে অসম সরকার। আজ শনিবার এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্
আপার আসামে বন্যা পরিস্থিতির অবনতি


গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : উজান অসমে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার অভিযানে ভারতীয় স্থল এবং বায়ুসেনাকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে অসম সরকার।

আজ শনিবার এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিবসাগর, চড়াইদেও এবং যোরহাট জেলায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় রাজ্য সরকার ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনাকে প্রয়োজনে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার জন্য স্ট্যান্ডবাই থাকতে অনুরোধ করেছে।

পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী রাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী অজন্তা নেওগ, বিমল বরা, কেশব মহন্ত এবং সুশান্ত বড়গোহাঁইকে অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। তাঁদের ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং কোনও পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ড. শর্মা বলেন, ‘আমাদের মানুষের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমি সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছি এবং মানুষের জীবন রক্ষা ও সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’

এখানে উল্লেখ করা যেতে পারে, অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে উজান অসমের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের প্রস্তুতি আরও জোরদার করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande