(আপডেট -৬) কফিনবন্দী ডিজিপি-র নিথর দেহ সরকারি আবাসে, পুত্র এলেই শেষকৃত্য
আগরতলা, ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের কফিনবন্দী মরদেহ সোমবার রাতভর তাঁর সরকারি আবাসেই রাখা হয়েছে। নিজ ঘরের খাটেই শেষবারের মতো শায়িত থাকছে তাঁর নিথর দেহ। মঙ্গলবার কানাডা থেকে তাঁর একমাত্র পুত্র আগ
প্রয়াত অনরাগ ধনকর


আগরতলা, ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের কফিনবন্দী মরদেহ সোমবার রাতভর তাঁর সরকারি আবাসেই রাখা হয়েছে। নিজ ঘরের খাটেই শেষবারের মতো শায়িত থাকছে তাঁর নিথর দেহ। মঙ্গলবার কানাডা থেকে তাঁর একমাত্র পুত্র আগরতলায় পৌঁছানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শেষকৃত্যের সময় ও স্থান চূড়ান্ত করা হবে।

সোমবার বিকেলে জিবিপি হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর কফিনবন্দী মরদেহটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সরকারি আবাসে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, সহকর্মী, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান। সরকারি আবাসে শোকের আবহ বিরাজ করছে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে আগরতলায় পুলিশ সদর দফতরে নিজ কার্যালয় থেকে অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আইনানুগ প্রক্রিয়া মেনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনুরাগ ধ্যানকরের পুত্র বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি সোমবার কানাডা থেকে রওনা দিয়ে মঙ্গলবার সকালে দিল্লি পৌঁছবেন। সেখান থেকে সরাসরি আগরতলায় আসবেন। তাঁর আসার পরই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শেষকৃত্যের সমস্ত আয়োজন করা হবে।

এদিকে, ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার অনুরাগ ধনকরের পৈত্রিক বাড়ি হরিয়ানার ঝাজ্জর জেলায়। মরদেহ শেষকৃত্যের জন্য হরিয়ানায় নিয়ে যাওয়া হবে, নাকি আগরতলাতেই শেষকৃত্য সম্পন্ন হবে—সে বিষয়ে সোমবার রাত পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।

রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা প্রশাসনিক মহল, পুলিশ বিভাগ এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তও শুরু হয়েছে। মঙ্গলবার তাঁর পুত্রের আগমনের পর শেষ শ্রদ্ধা ও অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে শোকের আবহ আরও গাঢ় হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande