
গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : প্রবল বর্ষণের জেরে গুয়াহাটির মালিগাঁও এলাকায় ফের একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে কামাখ্যা মন্দির অভিমুখী প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে, মালিগাঁওয়ের মাধবদেব নগর এলাকায় পৃথক এক ভূমিধসে একটি বাড়ির ওপর মাটি ও পাথর ধসে পড়ায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।
আজ সোমবার সংঘটিত প্রথম ঘটনায়, কামাখ্যা মন্দিরে যাওয়ার প্রধান সড়কের পাশের পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে রাস্তার ওপর পড়ে। পাশাপাশি একটি বড় গাছ উপড়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হওয়ায় ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ভূমিধসের দরুন কামাখ্যা মন্দিরের সংযোগ সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
অন্যদিকে, মালিগাঁওয়ের মাধবদেব নগর এলাকায় আরেকটি ভূমিধসে জনৈক রঞ্জিত দাসের বসতবাড়ির ওপর মাটি ও পাথর ধসে পড়ে। এতে তাঁর পরিবারের চার সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
গুয়াহাটিতে টানা ভারী বৃষ্টিপাতের মধ্যে পরপর দুই ভূমিধসের ঘটনায় পাহাড়ি ঢালের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় ভূমিধস-প্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কামরূপ মেট্রো জেলা প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস