
ছয়গাঁও (অসম), ২০ জুলাই (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত ছয়গাঁও থানাধীন জোরশিমুলু এলাকায় অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তকে জোরশিমুলু এলাকার বাসিন্দা জনৈক শুকুর আলির বছর ২৩-এর ছেলে ওম আলি বলে পরিচয় পাওয়া গেছে। ধৃত ওম আলির হেফাজত থেকে ১২.৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জোরশিমুলু পুলিশ ফাঁড়ির ইনচার্জ অঞ্জনজ্যোতি শর্মার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তালাশি চালানো হলে তার হেফাজত থেকে একটি সবুজ রঙের প্লাস্টিকের সাবানের কেসে রাখা হেরোইনের একটি প্যাকেট উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইনের ওজন সাবানের কেস সহ ৩৬.৮৮ গ্রাম এবং কেস ছাড়া হেরোইনের নিট ওজন ১২.৩৩ গ্রাম। এছাড়া অভিযুক্তের কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত একটি কালো রঙের পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য জোরশিমুলু পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস