
হাফলং (অসম), ১৮ জুলাই (হি.স.) : মাদকবিরোধী অভিযানে আবারো সাফল্য পেল ডিমা হাসাও জেলা পুলিশ। আজ শনিবার ভোরে ডিমা হাসাও জেলার নিউ হাফলং রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ২২০.৬ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ দুই মহিলা সমেত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা শিলচর থেকে নিউ হাফলং রেলওয়ে স্টেশনে এসে গুয়াহাটিগামী ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধির ওপর নজরদারি চালায়। পরে সন্দেহের ভিত্তিতে তালাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৮টি প্লাস্টিকের সাবানের কেস থেকে মোট ২২০.৬ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব