
হাওড়া, ১৮ জুলাই (হি.স.): তোলাবাজি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মহম্মদ রুস্তমকে। শনিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হয়| আদালতে পেশ করার সময় স্থানীয়রা আদালত চত্বরে মহম্মদ রুস্তমের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তাকে দেখে চোর স্লোগান ওঠে। উল্লেখ্য, পুলিশ রুস্তমকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি হাওড়ার পিলখানা এলাকায় এক প্রোমোটার খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন পুলিশ এলাকায় পৌঁছায়, ঠিক তখনই মহম্মদ রুস্তম এবং তার অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে চড়াও হয় বলে অভিযোগ। জনতাকে উসকানি দেওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাথর ছোড়ার নেপথ্যে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের হাত ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এর পাশাপাশি এলাকার প্রোমোটারদের থেকে হুমকি দিয়ে সে টাকা নিত বলেও অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ