
আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় গেট নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বিডিও অফিসের উল্টো দিকের হাসপাতালের প্রাচীর ভেঙে নির্মাণকাজের প্রাথমিক পর্যায়ের সূচনা করা হয়।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনালগ্নে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায়-সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই হাসপাতালের দ্বিতীয় গেট নির্মাণের দাবি উঠছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন দ্বিতীয় গেটটি চালু হলে জরুরি বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। বর্তমানে হাসপাতালে প্রবেশের জন্য একটি মাত্র প্রধান গেট ব্যবহৃত হওয়ায় অনেক সময় জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হয়। দ্বিতীয় গেট চালু হলে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি যানবাহন দ্রুত জরুরি বিভাগে পৌঁছাতে পারবে, ফলে সংকটজনক রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে।
হাসপাতালের পরিষেবা আরও উন্নত ও গতিশীল করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিনের এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় আগামী দিনে আরামবাগ মহকুমার লক্ষাধিক মানুষের চিকিৎসা পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।
স্থানীয়দের বক্তব্য, দ্বিতীয় গেট নির্মিত হলে শুধু রোগী পরিবহণই নয়, হাসপাতালের অভ্যন্তরে যানবাহনের চাপও অনেকটাই কমবে। ফলে রোগী ও তাঁদের পরিজনদের ভোগান্তিও কমবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দ্বিতীয় গেট নির্মাণের কাজ শুরু হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন ও সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA