
বীরভূম, ১৮ জুলাই (হি. স.): বীরভূমে জাল লটারির বড়সড় কারবারের পর্দাফাঁস করল বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ। বিপুল পরিমাণ জাল লটারি সহ শেখ বান্টি নামে এক লটারি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই জাল লটারিগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। লটারি বিক্রির কাজে ব্যবহৃত অভিযুক্তের মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবারই ধৃতকে আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই জাল লটারি উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে পার্শ্ববর্তী জেলাতেও। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল লটারিগুলি মূলত পশ্চিম বর্ধমান জেলা থেকে আনা হয়েছিল।
পরিকল্পনা ছিল, বীরভূমের হজরতপুর, কাঁকরতলা, খয়রাশোল এবং লোকপুর সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় এজেন্টদের মাধ্যমে এই জাল লটারি সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। কিন্তু সেই চক্রান্ত সফল হওয়ার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় মূল অভিযুক্ত। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং পশ্চিম বর্ধমানের কোথায় এই জাল লটারি তৈরি হচ্ছিল, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাঁকরতলা থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি