তোলাবাজি ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম
হাওড়া, ১৮ জুলাই (হি. স.):-তোলাবাজি এবং পুলিশের উপর হামলার অভিযোগে হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তমকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। শনিবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়
আদালতে পেশ


হাওড়া, ১৮ জুলাই (হি. স.):-তোলাবাজি এবং পুলিশের উপর হামলার অভিযোগে হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তমকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। শনিবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাপিড অ্যাকশন পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পিলখানা এলাকায় এক প্রোমোটার খুনের ঘটনার তদন্ত চলাকালীন মহম্মদ রুস্তম ও তাঁর অনুগামীরা পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। অভিযোগ, ওই ঘটনায় পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। এছাড়াও এলাকার একাধিক প্রোমোটারের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় বা তোলাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গোলাবাড়ি থানার পুলিশ পিলখানায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।শনিবার তাঁকে হাওড়া আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়।তবে মহম্মদ রুস্তম বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande