স্মার্ট সিটির কাজ দ্রুত শেষ করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে পূর্ত দফতরের যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ
আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। প্রয়োজনে পূর্ত (পিডব্লিউডি) দফতরের যন্ত্রপাতি ব্যবহ
শহর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। প্রয়োজনে পূর্ত (পিডব্লিউডি) দফতরের যন্ত্রপাতি ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে জনবল বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার শহরের বিভিন্ন রাস্তা, কভার ড্রেন এবং চলমান নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পূর্ত সচিব কিরণ গিত্তে, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিকসহ পূর্ত ও প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন, একাধিক স্থানে কভার ড্রেন নির্মাণের কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। কোথাও ড্রেনের ঢাকনা বসানো হয়নি, কোথাও আবার রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দীর্ঘ বর্ষাকাল নির্মাণকাজের অন্যতম বড় বাধা। বছরের প্রায় চার মাস ভারী বৃষ্টির কারণে স্বাভাবিকভাবে কাজ চালানো সম্ভব হয় না। তবে এই অজুহাতে উন্নয়নমূলক প্রকল্পে অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না। তিনি জানান, স্মার্ট সিটি কর্তৃপক্ষকে প্রয়োজনে পূর্ত দফতরের যন্ত্রপাতি ও অন্যান্য অবকাঠামোগত সহায়তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণ সংস্থাগুলিকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁকে আশ্বস্ত করেছেন যে বাকি কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা, জল জমে থাকা এবং কভার ড্রেনের অসম্পূর্ণ নির্মাণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। একাধিক স্থানে দেখা গেছে, বৃষ্টির জল ড্রেনে প্রবেশ না করে উল্টে ড্রেন থেকেই রাস্তায় উপচে পড়ছে। ফলে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

এদিকে সম্প্রতি প্রদেশ কংগ্রেসও সাংবাদিক সম্মেলন করে স্মার্ট সিটি প্রকল্পের কাজের ধীরগতি ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছে। শহরের নাগরিক পরিষেবার অবনতির জন্য তাঁরা স্মার্ট সিটি কর্তৃপক্ষকে দায়ী করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর আকস্মিক শহর পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। তাঁদের মতে, নাগরিকদের অভিযোগ এবং বিরোধীদের সমালোচনার পরিপ্রেক্ষিতেই সরকার প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে মাঠে নেমেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande