
ঝাড়গ্রাম, ১৮ জুলাই (হি. স.):- শনিবার অল্প বৃষ্টিতেই ঝাড়গ্রাম জেলার চিলকিগড়ে দুলুঙ নদীর উপর নির্মিত কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় জামবনি, চিলকিগড় ও গিধনী এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কজওয়ের উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুলুঙ নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। ফলে প্রতি বর্ষাতেই কজওয়ে ডুবে যাওয়ায় হাসপাতাল, স্কুল-কলেজ এবং জরুরি পরিষেবার জন্য কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ।এদিকে, মাত্র দু'ঘন্টার বৃষ্টিতে বিনপুর-২ ব্লকের মুড়াবনি ও নারায়ণপুর সংযোগকারী রাস্তার উপরও জল জমে যায়। রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করায় ঝাড়খণ্ড থেকে বেলপাহাড়ি আসার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথেও যোগাযোগ ব্যাহত হয়।স্থানীয়দের দাবি, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবেই সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, রোগী ও কর্মজীবী মানুষদের দুর্ভোগ বাড়ছে।দুলুঙ নদীর উপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ এবং মুড়াবনি–নারায়ণপুর সড়কে উন্নত নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়