
মাইথন (পশ্চিম বর্ধমান), ১৮ জুলাই (হি. স.):- সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে বড় পদক্ষেপ হিসেবে শনিবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত মাইথনের লেফট ব্যাঙ্ক এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ড্যামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। দীর্ঘদিন ধরে ডিভিসির পরিত্যক্ত আবাসন দখল করে বসবাস করা ব্যক্তিদের সরিয়ে দিয়ে বুলডোজারের মাধ্যমে একের পর এক আবাসন ভেঙে ফেলা হচ্ছে।ডিভিসি সূত্রে জানা গিয়েছে, প্রায় শতাধিক পরিত্যক্ত আবাসন দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। এর আগে একাধিকবার সংশ্লিষ্ট বাসিন্দাদের নোটিশ দিয়ে আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেও আবাসন খালি না করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।ডিভিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুখময় নায়ক জানান, দখলমুক্ত হওয়া জমিতে ভবিষ্যতে শিশুদের জন্য পার্ক, আধুনিক খেলার মাঠ এবং অন্যান্য জনকল্যাণমূলক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ডিভিসির স্কুলে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে। তাই ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উপযোগী পরিকাঠামো তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।উচ্ছেদ অভিযান চলাকালীন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রশাসনের উপস্থিতিতে গোটা অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ডিভিসির দাবি, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়