
মেদিনীপুর, ১৮ জুলাই (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে শুক্রবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম সুমন মাঝি (১৭)। সে এগরারই গৌরদহা গ্রামের বাসিন্দা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ এগরা বাসস্ট্যান্ডের কাছে দুটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে দুটি বাইকই দুমড়েমুচড়ে যায় এবং সুমন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা তৎপরতার সঙ্গে রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি