
মালদা, ১৮ জুলাই (হি. স.):-গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এই ঘটনায় একটি পিকআপ ভ্যান এবং একটি স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার উদ্ধার হওয়া ফেনসিডিল ও বাজেয়াপ্ত গাড়ি দুটি আদালতে পেশ করা হয়।শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফুলডাঙা স্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যানে করে ফেনসিডিল পাচারের প্রস্তুতি চলছে বলে খবর মেলে। সেই তথ্যের ভিত্তিতে মালদা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ পৌঁছতেই পাচারকারীরা একটি পিকআপ ভ্যান ও একটি স্করপিও ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে এবং তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, ফুলডাঙা স্ট্যান্ড এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের গোডাউনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পাচারচক্র সক্রিয় ছিল। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং কাউকে গ্রেফতারের কথাও জানানো হয়নি।পুলিশের দাবি, উদ্ধার হওয়া ফেনসিডিলের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়