
বীরভূম, ১৮ জুলাই (হি.স.): সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনে বসলেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা| শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গাফিলতির প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোস্টার-ব্যানার নিয়ে প্রতিবাদ শুরু করেছে৷ এদিকে, শনিবার এই অনশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো শান্তিনিকেতন। বিশ্বভারতীতে এসএফআই ও এবিভিপির সমর্থক পড়ুয়ারা একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকে। দু'পক্ষই জমায়েত করে। এবিভিপি-র দাবি, এসএফআই-এর সদস্যরা শান্তিনিকেতনকে অশান্ত করার চেষ্টা করছে। আবার এসএফআইয়ের সমর্থকদের বক্তব্য, যখন তাদের অনশন কর্মসূচি চলছিল, সেই সময়ে এবিভিপি-র সমর্থকরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন। তাতে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ