
কৃষ্ণগঞ্জ (নদিয়া), ১৮ জুলাই (হি. স.):-নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলে দাবি করলেন স্থানীয় বিজেপি বিধায়ক সুকান্ত বিশ্বাস। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার অধিকাংশ সীমান্তবর্তী অঞ্চলে জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।বিধায়কের দাবি, কয়েকটি এলাকায় এখনও কিছু আইনি জটিলতা থাকলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যেখানে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে, সেখানে জোরকদমে কাঁটাতার বসানো এবং অন্যান্য সীমান্ত সুরক্ষা অবকাঠামো নির্মাণের কাজ চলছে। তাঁর আশা, খুব শীঘ্রই কৃষ্ণগঞ্জ সীমান্তকে সম্পূর্ণভাবে সুরক্ষিত ও সিল করা সম্ভব হবে।এদিন পূর্বতন রাজ্য সরকারেরও কড়া সমালোচনা করেন সুকান্ত বিশ্বাস। তাঁর অভিযোগ, আগের সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তিনি আরও দাবি করেন, সীমান্তকে ব্যবহার করে দলীয় স্বার্থসিদ্ধির চেষ্টা করা হয়েছে।তবে বিধায়কের এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় কাঁটাতার নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলিও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়