
শিলিগুড়ি, ১৮ জুলাই (হি. স.) : শিলিগুড়ির অতিরিক্ত জেলা গ্রন্থাগারের বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার তিনি স্বয়ং ওই গ্রন্থাগারটি পরিদর্শনে যান। দীর্ঘদিনের অব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাব দেখে তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন চলাকালীন দেখা যায়, ভবনের একাধিক অংশ থেকে ছাদের জল চুঁইয়ে পড়ছে। দেওয়াল ও ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। গ্রন্থাগার চত্বরের যত্রতত্র আগাছা ও ঝোপঝাড় গজিয়ে উঠেছে, যা কর্তৃপক্ষের চরম গাফিলতিকেই স্পষ্ট করে দেয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, আমাদের শহরের এত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থাগারের এই অবস্থা দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত। বিষয়টি আগে আমার নজরে আসেনি, তবে আজ এখানে এসে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারলাম।
তিনি আরও জানান, এই বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই দপ্তরের মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, আগামী আগস্ট মাসেই তিনি নিজে শিলিগুড়িতে এসে এই গ্রন্থাগারটি পরিদর্শন করবেন। এরপরই লাইব্রেরির ভৌত পরিকাঠামো উন্নয়ন, সংস্কার এবং নতুন পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শঙ্কর ঘোষের কথায়, গ্রন্থাগার কেবল বই রাখার জায়গা নয়, এটি শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্র। তাই এই ধরনের প্রতিষ্ঠানগুলির সুরক্ষা ও আধুনিকীকরণ অত্যন্ত জরুরি।
হিন্দুস্থান সমাচার / সোনালি