
ঝাড়গ্রাম, ১৮ জুলাই (হি.স.): ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে শনিবার তাদের স্মরণ করলেন স্থানীয় বাসিন্দারা। যে রেললাইনের পাশে ২০২৫ সালের ১৮ জুলাই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল, সেই স্থান সংলগ্ন একটি শালগাছের নীচে একটি হস্তিশাবক-সহ তিনটি হাতির মাটির মূর্তি স্থাপন করে পূজা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জুলাই গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বাঁশতলা এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি হাতির একটি দল হাতির করিডোর ধরে রেললাইন পার হচ্ছিল। সেই সময় হুলা পার্টির সদস্যরা হাতির দলটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁরা অভিযান শুরু করার আগেই হাতির দলটি স্বাভাবিকভাবেই করিডোর ধরে রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় রাত প্রায় ১টা নাগাদ খড়্গপুর–টাটানগর রেল ডিভিশনের বাঁশতলা স্টেশন সংলগ্ন এলাকায় দ্রুতগতিতে আসা ডাউন জন শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতি, একটি হস্তিশাবক-সহ মোট তিনটি হাতির মৃত্যু হয়।
এই ঘটনায় গোটা জঙ্গলমহলে শোকের ছায়া নেমে এসেছিল। পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ এবং রেলপথে হাতির নিরাপদ চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিকে ধরে রাখতেই শনিবার দুর্ঘটনাস্থলের পাশে পূজার আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। পূজার পাশাপাশি হাতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই কামনাও করা হয়।
অনুষ্ঠানে বাঁশতলা গ্রামের নারী-পুরুষ, প্রবীণ ও যুবক-যুবতী-সহ বহু মানুষ অংশ নেন। গ্রামবাসীদের বক্তব্য, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান বজায় রাখতে এবং হাতিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো