

পশ্চিমবঙ্গের পাশাপাশি বরাক উপত্যকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার, সংবর্ধিত রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থও
শিলচর (অসম), ১৮ জুলাই (হি.স.) : তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান এবং পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর আজ শনিবার প্রথমবার নিজের শহর শিলচরে পৌঁছেছেন সাংসদ সুস্মিতা দেব। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি-র নেতা, কার্যকর্তা এবং সমর্থকেরা। কুম্ভীরগ্রাম থেকে তাঁকে নিয়ে সোজা আসা হয় শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে। এখানে সুস্মিতা দেব এবং অসম থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হয়।
দলীয় নেতা ও কার্যকর্তারা দুই সাংসদকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করেন। তাঁদের নতুন দায়িত্ব সফলভাবে পালন করার জন্য শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় তাঁর কোনও শর্ত ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর ওপর আস্থা রেখে রাজ্যসভার সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুস্মিতা বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে বরাক উপত্যকার মানুষের স্বার্থে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। বরাকবাসীর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অসম সরকারের মন্ত্রী কৌশিক রায় বলেন, সুস্মিতা দেবের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজেপিতে তাঁর যোগদানের ফলে দল আরও শক্তিশালী হবে।
লোকসভার সদস্য পরিমল শুক্লবৈদ্য বলেন, সুস্মিতা দেবের রাজ্যসভায় উপস্থিতির ফলে বরাক উপত্যকার মানুষের আশা-আকাঙ্ক্ষা জাতীয় স্তরে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক ডা. রাজদীপ রায়, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নীহাররঞ্জন দাস সহ বিজেপির একাধিক নেতা ও কার্যকর্তা।
সুস্মিতা দেবের শিলচর সফর এবং জেলা বিজেপির এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস