
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজ মাধ্যমে তিনি নিজের উদ্বেগ প্রকাশ করেছেন|
এদিন এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি শুধু আলোচনার জন্য অনুরোধ করেছিলেন, অথচ সপ্তাহের পর সপ্তাহ ধরে তাঁর এই আবেদনের প্রতি নীরবতা লক্ষ্য করা গেছে। গণতন্ত্রে শান্তিপূর্ণ ভিন্নমতের প্রতি নীরবতা নয়, বরং আলোচনা হওয়া উচিত। তাঁর কথাকে উপেক্ষা করা হয়েছে, ঠিক যেমন অগণিত তরুণ ভারতীয়দের বক্তব্যকে উপেক্ষা করা হচ্ছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি দেওয়া উচিত| প্রয়োজনে নাগরিকরা এর খরচ বহন করতে পারবে। স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়| শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করে বা আলোচনা প্রত্যাখ্যান করে নয়। যে সরকার ভিন্নমতকে গণতান্ত্রিক বাধ্যবাধকতার পরিবর্তে হুমকি হিসেবে দেখে, জবাবদিহি করতে রাজি না হয়, তারা আস্থা দাবি করতে পারে না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ