
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে তদন্তের পরিধি ক্রমাগত বাড়ছে। শুক্রবার রাতের এই বিস্ফোরণের ঘটনায় শনিবার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ শামিম। কামারহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শামিমকে। পুলিশ সূত্রের খবর, আগেই একাধিক অপরাধে নাম জড়িয়েছিল শামিমের।
উল্লেখ্য, ব্যাগে করে ওই বাড়িতে বোমা রাখার অভিযোগ উঠেছে মহম্মদ শামিমের বিরুদ্ধে। জানা গেছে, ধৃত শামিম দিনকয়েক আগে ওই বাড়ির একটি তলা ভাড়া নিয়েছিল। একটি কম বয়সি ছেলেকে সে ওই বাড়িতে ব্যাগ রেখে আসতে বলেছিল। ওই ছেলেটি সেই ব্যাগ ঘরে রেখে বেরিয়ে যাওয়ার পরেই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে বিস্ফোরণের পর শনিবার ঘটনাস্থলে গিয়ে সিআইডি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং বম্ব স্কোয়াড পুরো এলাকায় তল্লাশি অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বাড়িটি থেকে কিছু বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ