
পাথারকান্দি (অসম), ১৮ জুলাই (হি.স.) : বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শনিবার শ্রীভূমি জেলার পাথারকান্দি সম-জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে রাজস্ব বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, সার্কল অফিস এবং ল্যান্ড রেকর্ডস বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা, ল্যান্ড রেকর্ডস সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বর্ষাকালে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এছাড়া ভূমি সংক্রান্ত পরিষেবা আরও সহজ ও স্বচ্ছ করা, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, সরকারি প্রকল্পগুলির সময়মতো বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিয়মিত পর্যালোচনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পাথারকান্দি সম-জেলার কমিশনার সপ্ততি এন্দো, পাথারকান্দি সার্কল অফিসার অদিতি নুনিসা, সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস, সহকারী কমিশনার পূজা দাউলাগপু, পাথারকান্দি সার্কলের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) ফিল্ড অফিসার নবকুমার দাস, ভূমি রাজস্ব বিভাগের কর্মী সহ বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকরা।
আজকের পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং স্বচ্ছ, গতিশীল ও জনমুখী সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস