
হাফলং (অসম), ১৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার লক্ষ্যে আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জেলার বর্তমান স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলির কার্যকর সমাধানের ব্যাপারেও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চলমান স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামোগত ঘাটতি এবং প্রশাসনিক ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে। বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা, জরুরি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটানো এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জাতীয় স্বাস্থ্য প্রকল্প তৃণমূল স্তরে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
বিধায়ক রূপালি লাংথাসা বৈঠকে জেলার প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে গৃহীত আলোচনার ভিত্তিতে শীঘ্রই বিভিন্ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
আজকের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য প্রবিতা জহরী, ডিএইচএসি-র যুগ্মসচিব স্মতি রেবেকা চাংসন (এসিএস), ডিমা হাসাওয়ের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডা. সারসিং রংপি, জেলা টিকাকরণ আধিকারিক ডা. মেরিনা এল চাংসন, হাফলং সিভিল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. কল্পনা কেম্প্রাই, এসডিএম অ্যান্ড এইচও (সদর) ও ইউএইচসি-র ভারপ্রাপ্ত ডা. লিনা হাকমাওসা সহ জেলার প্রবীণ চিকিৎসক, জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর আধিকারিক এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীরা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব