
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ আনার ব্যাপারে কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।
শনিবার সৌগত রায় বলেন, “বন্দে মাতরমকে নিয়ে সাম্প্রতিক পদক্ষেপে আমরা খুশি। যেকোনও মূল্যে ‘বন্দে মাতরম’-এর মর্যাদা ও সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি।”
অমিত শাহের রাজ্য সফর প্রসঙ্গে তিনি বলেন, “উনি ঠিক কী কারণে এসেছেন, তা আমি নিশ্চিত নই। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা দুষ্কর্মে জড়িয়ে পড়ছেন।”
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ সফরে পৌঁছেছেন। রাত সাড়ে ১০টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন এবং পরে শিলিগুড়িতে বিএসএফের সদর দফতরে রাত্রিযাপন করেন।
শনিবার সকালে তাঁর বিএসএফের ‘প্রহরী সম্মেলন’-এ যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর উত্তরকন্যায় পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইন, বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। সম্প্রতি রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য