
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও সিটিজেনস ফর জাস্টিসের যৌথ উদ্যোগে শুক্রবার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)-র ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিচারপতি ডঃ শম্বুধা চক্রবর্তী মূল বক্তা হিসেবে ইউসিসি-র ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। অপর বক্তা অধ্যাপক ডঃ প্রেম কুমার আগরওয়াল ইউসিসি-র পথে বিচার বিভাগীয় মাইলফলক নিয়ে বক্তব্য রাখেন।
এসএনইউ-এর উপাচার্য অধ্যাপক অনুপম বসু অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বক্তৃতার পর একটি আলাপচারিতা পর্বের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সেমিনারটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। সিটিজেনস ফর জাস্টিসের যুগ্ম সচিব আইনজীবী রাজর্ষি হালদার স্বাগত ভাষণ দেন। সিটিজেনস ফর জাস্টিসের ট্রাস্টি কিনসুক পল্লব বিশ্বাসও সেমিনারে উপস্থিত ছিলেন।
'সিটিজেনস ফর জাস্টিস'-এর প্রতিনিধিরা সমাজকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয়ে আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাঁদের কার্যক্রম তুলে ধরেন। তাঁরা আইনি সংস্কার ও সাংবিধানিক নীতিমালার বিষয়ে জনসচেতনতা ও বোঝাপড়া তৈরিতে সুশীল সমাজের ভূমিকার ওপর আলোকপাত করেন। অধ্যাপক ডঃ প্রেম কুমার আগরওয়াল তাঁর বক্তব্যে ভারতীয় সংবিধানে 'ইউনিফর্ম সিভিল কোড' বা অভিন্ন দেওয়ানি বিধির যৌক্তিকতা ব্যাখ্যা করেন; এ ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের প্রসঙ্গ উল্লেখ করেন, যা ব্যক্তিগত আইনগুলির মধ্যে অধিকতর সামঞ্জস্য বা অভিন্নতা আনার লক্ষ্যে কাজ করতে রাষ্ট্রকে উৎসাহিত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ