
হুগলি , ১৮ জুলাই (হি.স.): হুগলি জেলার শ্রীরামপুর পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা। শনিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজেপি কর্মীরা সংশ্লিষ্ট কাউন্সিলরদের বিকেল পাঁচটার মধ্যে পদত্যাগ করার দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইস্তফা না দিলে তাঁদের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসা হবে।
জানা গিয়েছে, শ্রীরামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমা শীল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন মুখার্জি, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি ঘোষ এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিয়াশা মুখার্জির বাড়ির সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা কাউন্সিলরদের বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুরসভার বিভিন্ন অনিয়ম এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কাউন্সিলরদের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে কাউন্সিলরদের পদ ছেড়ে দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২৯টি ওয়ার্ড নিয়ে গঠিত শ্রীরামপুর পুরসভায় রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান-সহ তৃণমূলের মোট নয়জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ফলে বাকি কাউন্সিলরদের উপরেও রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
বিজেপির এই বিক্ষোভ ঘিরে শ্রীরামপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA