মায়ের মরদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু ছেলের
গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : গুয়াহাটির শহরতলি আজারা এলাকায় হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক ব্যক্তি। মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে শেষকৃত্যের উদ্দেশে শ্মশানে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস
মায়ের মরদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু ছেলের


গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : গুয়াহাটির শহরতলি আজারা এলাকায় হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক ব্যক্তি। মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে শেষকৃত্যের উদ্দেশে শ্মশানে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পরাগ দাস নামের এক ব্যক্তির। নিহত পরাগ দাস বিজয়নগর উপ-ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, পরাগ দাসের ৬৮ বছর বয়সি মা প্রায় দু-বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। রোগভোগের পর শুক্রবার রাতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শনিবার সকালে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে হাটখোয়াপাড়ার বাড়ি থেকে মায়ের মরদেহ নিয়ে স্থানীয় শ্মশানের উদ্দেশে রওয়ানা হন পরাগ দাস।

কিন্তু শ্মশানে পৌঁছনোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ১৭ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় এএস ০১ জেসি ৫৩১১ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক পরাগ দাসকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মায়ের শেষকৃত্য সম্পন্ন করে মুখাগ্নি করার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান পরাগ দাস। মুহূর্তের মধ্যে শোকের আবহ আরও গভীর হয়ে ওঠে। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande