
কলকাতা, ১৮ জুলাই (হি. স.):-বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের সম্ভাব্য পশ্চিমবঙ্গ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শনিবার কলকাতার বিভিন্ন এলাকায় পোস্টার লাগাল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই দশক পর তাঁর রাজ্যে ফেরাকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যসচিব এবং রাজ্য সরকারকে চিঠি দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে বলে দাবি করেছে সংগঠন।হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী বলেন, তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলবাদের বিরুদ্ধে অবস্থানের প্রতীক। তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।সংগঠনের অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, জীবনঝুঁকি সত্ত্বেও তসলিমা নাসরিন যেভাবে নিজের মত প্রকাশ করে চলেছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণার। সদস্য সন্দীপন সরকার জানান, মৌলবাদের বিরুদ্ধে এই লড়াই মানবতার স্বার্থে। প্রীতম বালা, অন্তরা মিত্র ও অঞ্জন প্রসাদ মজুমদার জানান, আগামী দিনে কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে মৌলবাদের বিরুদ্ধে সচেতনতামূলক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।অনুষ্ঠানে নৃত্যশিল্পী অসীম কুমার রায়, সাহিত্যিক সরোজ ভট্টাচার্য সহ সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়