
পাথারকান্দি (অসম), ১৮ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি-রাতাবাড়ি সড়কে আজ শনিবার বিকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩ বছরের এক কিশোর। দুর্ঘটনায় তার মা, মামা সহ আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে পাথারকান্দি-রাতাবাড়ি সড়কের ছাগিখাউরি এলাকার দোহালিয়া পাহাড় ভিউ পয়েন্ট সংলগ্ন স্থানে। এএস ১০ এসি ০৭৯১ নম্বরের একটি অটোরিকশা একই পরিবারের সদস্যদের নিয়ে মামার বাড়ি থেকে ফিরছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহবুব হোসেন (১৩) নামের এক কিশোরের। আহত হন তাঁর মা, মামা এবং আরও একজন যাত্রী। স্থানীয় বাসিন্দা ও রাতাবাড়ি থানার পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত মা ও মামার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ব্যক্তি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, নিহত মেহবুব হোসেন কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতের সদস্য ফরিজ উদ্দিনের ভ্রাতুষ্পুত্র। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখতে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে হৃদয়বিদারক এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস