
উত্তর ২৪ পরগনা, ১৮ জুলাই (হি.স.): পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার এলাকার রাস্তায় ঘোরালো পুলিশ। লটারি মামলা ও একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সে| দিনকয়েক আগেই খড়দা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় তীর্থঙ্কর| বর্তমানে সে হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে এদিন সকালে তাকে পানিহাটি এলাকায় নিয়ে আসা হলে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ধৃত তীর্থঙ্করকে দেখা মাত্রই এলাকায় ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথের কাছে বিপুল ভোটে পরাজিত হয় তীর্থঙ্কর। রাজ্যে পালাবদলের পরই বাবা ও ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে থাকে। তবে তীর্থঙ্করকে গ্রেফতার করা হলেও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এলাকায় নিখোঁজ বলে দাবি স্থানীয়দের| তাঁকেও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ