
আলিপুরদুয়ার, ১৮ জুলাই (হি.স.): উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি। গত কয়েকদিন ধরে ভুটান পাহাড় ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে লাগাতার ভারী বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক পাহাড়ি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে|
শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংরি নদীর জলস্তর এতটাই বেশি যে, নদীর জল রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে। এর ফলে মাদারিহাট-টোটোপাড়া এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। মাদারিহাটের হলং নদীতেও জলস্তর বেড়েছে। প্রবল স্রোতের তোড়ে হলং নদীর উপর নির্মিত অস্থায়ী পায়ে চলার সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ফলে নদীর দু'দিকের গ্রামগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ। একই ভয়াবহ রূপ ধারণ করেছে ভুটান থেকে নেমে আসা জয়বীরপাড়া নদীও।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ