
দেহরাদূন, ১৮ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় টানা বৃষ্টির জেরে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অলকানন্দা ও মন্দাকিনী নদীর জল বর্তমানে বিপদসীমার নীচে থাকলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।
শনিবার রুদ্রপ্রয়াগের সহকারী আঞ্চলিক পরিবহণ আধিকারিক (এআরটিও) ধর্মেন্দ্র সিং বিস্ট বর্ষাকালে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিন তিনি বলেন, বর্ষা শুরু হয়েছে। তাই গাড়ির মালিক ও চালকদের নদীর ধারে বা জলস্তর বাড়তে পারে এমন এলাকায় কোনওভাবেই গাড়ি না রাখার অনুরোধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্ষার সময় নিজের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে এবং নদীর ধারে বা জলমগ্ন এলাকায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্কতা অবলম্বন করে নিরাপদে চলাফেরার আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য