
আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): আরামবাগের হিয়াতপুর গ্রামের পথ দুর্ঘটনায় প্রাণ হারানো সিভিক ভলান্টিয়ার উৎপল সিং-এর শোকসন্তপ্ত পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল। এই উপলক্ষে শনিবার উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
প্রয়াত উৎপল সিং-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান দুই বিধায়ক। পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা। রাজ্য সরকারের তরফে প্রদত্ত আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দিয়ে তাঁরা জানান, বিপদের সময়ে সরকারের মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোরই প্রতিফলন।
বিধায়করা বলেন, একজন সিভিক ভলান্টিয়ার হিসেবে উৎপল সিং কর্তব্যনিষ্ঠার সঙ্গে কাজ করে গিয়েছেন। তাঁর অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, এলাকাবাসীও একজন পরিচিত ও দায়িত্বশীল মানুষকে হারিয়েছে। এই শোকের মুহূর্তে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রশাসন ও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উপস্থিত সকলেই প্রয়াত উৎপল সিং-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA