প্রযুক্তিনির্ভর ও আধুনিক পুলিশ বাহিনী গড়ার পথে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। অপরাধ দমন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পা
পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। অপরাধ দমন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শীঘ্রই ২১০ জন সাব-ইনস্পেক্টর (এসআই) এবং ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

শনিবার এ চন্দ্র রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে পুলিশ কনস্টেবল (পুরুষ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে ৪৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আনুষ্ঠানিকভাবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁদের মধ্যে ৪৬৯ জন পুলিশ কনস্টেবল এবং একজন টিএসআর জওয়ান রয়েছেন।

নবনিযুক্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানুষের আস্থা ও নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় সাফল্য।

তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাজ্যে হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ কঠোরভাবে দমন করা হচ্ছে। নারী-সংক্রান্ত অপরাধ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচিও চালানো হচ্ছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, অপরাধের তদন্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে পুলিশ বাহিনীকে প্রযুক্তিনির্ভর করে তোলা হবে। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি এবং উন্নত তদন্ত ব্যবস্থার মাধ্যমে পুলিশকে সময়োপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধানকর। তিনি নবনিযুক্ত কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, পুলিশের ইউনিফর্ম কেবল একটি পোশাক নয়; এটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা এবং জনগণের বিশ্বাসের প্রতীক। তাই সর্বদা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের সেবা করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।

পাসিং আউট প্যারেডে কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দক্ষতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নবীন পুলিশ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং নবনিযুক্ত কনস্টেবলদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সরকারের নতুন নিয়োগের ঘোষণা এবং পুলিশ বাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনাকে ঘিরে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande