
আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর দাবি, একসময় এমবিবি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যেই ড্রাগস বিক্রির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর বর্তমানে কলেজ চত্বরে আর ড্রাগস বিক্রির ঘটনা ঘটছে না বলে পুলিশ তাঁকে জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।
শনিবার আগরতলার ঐতিহ্যবাহী মহারাজা বীর বিক্রম (এমবিবি) কলেজে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত 'নেশামুক্ত ত্রিপুরা' শীর্ষক রাজ্যভিত্তিক সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক আধিকারিক এবং সমাজকল্যাণ দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, মাদক আজ সমাজের অন্যতম বড় অভিশাপ। বিশেষ করে যুবসমাজকে লক্ষ্য করেই মাদক চক্র তাদের বিস্তার ঘটানোর চেষ্টা করছে। তাই শুধুমাত্র প্রশাসনের পক্ষে এই সমস্যার মোকাবিলা সম্ভব নয়, সাধারণ মানুষেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বহিঃরাজ্য থেকে বিভিন্ন উপায়ে ত্রিপুরায় মাদক প্রবেশ করছে। এই চক্রকে ভাঙতে হলে সীমান্ত ও প্রবেশপথে কঠোর নজরদারি চালিয়ে যেতে হবে। কোথাও মাদক পাচার বা বিক্রির খবর পেলেই পুলিশকে জানাতে হবে। তথ্য পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।
নিজের পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্যপাল জানান, প্রথমবার এমবিবি কলেজের একটি অনুষ্ঠানে এসে তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পান যে কলেজ ক্যাম্পাসেই ড্রাগস বিক্রি হয় এবং রাতের অন্ধকারে নেশাগ্রস্ত যুবক ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা চলে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশ আধিকারিকদের বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
রাজ্যপালের কথায়, আমার নির্দেশের পর পুলিশ অভিযান চালায়। পরে পুলিশ আমাকে জানায় যে কলেজ চত্বরে আর ড্রাগস বিক্রি হয় না। তবে বর্তমানে বাস্তব পরিস্থিতি কী, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজ যদি সচেতন হয়, তাহলে মাদক চক্রের বিরুদ্ধে লড়াই অনেক সহজ হবে।
কর্মশালায় উপস্থিত এমবিবি কলেজের ছাত্র-ছাত্রীরাও মাদকের কুফল নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন। তাঁরা বলেন, মাদক একটি উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রচার এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের পক্ষ থেকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধের উপায় এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাদকবিরোধী শপথও পাঠ করানো হয়। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ