
হুগলি , ১৮ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা ২০২৬-কে সুষ্ঠু, নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার হরিপাল ব্লক অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মেলায় আগত লক্ষাধিক ভক্তের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) ও শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী সুমনা সরকার, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।
বৈঠকে মেলার সময় ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা, জরুরি পরিষেবার ব্যবস্থা এবং মেলার সামগ্রিক পরিচালনা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় এবারের শ্রাবণী মেলাকে আরও সুষ্ঠু ও আনন্দমুখর করে তুলতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রশাসনের আশা, জনসাধারণ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন দফতরের সমন্বিত উদ্যোগে শ্রাবণী মেলা ২০২৬ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA