বিরোধী দলনেতার ‘ইডিয়ট’ মন্তব্যে রাজনৈতিক-প্রশাসনিক তরজা
আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার চোত্তাখলায় জনসভায় জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা ‘ইডিয়ট’ মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে মুখ্যমন্
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার চোত্তাখলায় জনসভায় জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা ‘ইডিয়ট’ মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কড়া প্রতিক্রিয়া জানালেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর। অন্যদিকে, এই ঘটনায় বিরোধী দলনেতার নিঃশর্ত ক্ষমা দাবি করেছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা।

শনিবার রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, বিরোধী দল ক্ষমতায় না থাকলেও যে ধরনের ভাষা ব্যবহার করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, “সরকারে না থেকেও তাঁরা যেভাবে কথা বলছেন এবং সরকারে থাকাকালীন সময়ে ত্রিপুরাকে যেভাবে কুলুষিত করেছিলেন, তা রাজ্যের মানুষ জানেন। চোত্তাখলার ঘটনায় তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে। একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করা এবং যে ভঙ্গিতে তা বলা হয়েছে, তাতে স্পষ্ট তাঁরা এখনও ক্ষমতার আস্ফালন দেখাতে চাইছেন। সাধারণ মানুষ সবই দেখছেন এবং তাঁরাই বিচার করবেন।”

তবে একই বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের অবস্থান ছিল সম্পূর্ণ সংযত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।” তিনি শুধু বলেন, রাজ্যের পুলিশ আধিকারিকরা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন। বিরোধী দলনেতা দক্ষিণ জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন—এ প্রসঙ্গেও ডিজিপি কোনও মন্তব্য করতে রাজি হননি।

ডিজিপি-র এই নীরব অবস্থানকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও নানা আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষস্তরের এই সংযত ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। সংগঠনের পদাধিকারীদের মতে, দায়িত্ব পালনরত একজন সিনিয়র পুলিশ আধিকারিককে প্রকাশ্যে অপমান করা শুধু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, সমগ্র অল ইন্ডিয়া সার্ভিসের মর্যাদার উপর আঘাত।

উল্লেখ্য, দক্ষিণ জেলার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ‘ইডিয়ট’ মন্তব্যের প্রতিবাদে আইএএস, আইপিএস এবং আইএফএস-এর কর্মকর্তাদের যৌথ সংগঠন অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা ইতিমধ্যেই এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিরোধী দলনেতার কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে শাসকদল বিরোধী দলনেতার ভাষা ও আচরণকে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে দাবি করছে, অন্যদিকে বিরোধী শিবির দক্ষিণ জেলার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে ‘ইডিয়ট’ মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক আগামী দিনেও রাজ্যের রাজনীতি ও প্রশাসনে আলোচনার অন্যতম বিষয় হয়ে থাকবে বলেই রাজনৈতিক মহলের অভিমত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande