আমতলি থানার উদ্যোগে ১৯টি হারানো-চুরি হওয়া মোবাইল ফিরল প্রকৃত মালিকের হাতে
আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালের মাধ্যমে মোবাইল
হারানো মোবাইল উদ্ধার


আগরতলা, ১৮ জুলাই (হি.স.) : হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর ট্র্যাক করে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে শনিবার আমতলি থানার উদ্যোগে ১৯টি উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এদিন আমতলি থানায় আয়োজিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পরিতোষ দাস উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকদের মুখে হাসি ফুটে ওঠে। অনেকেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওসি পরিতোষ দাস জানান, সিইআইআর পোর্টালের মাধ্যমে মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাক করে ফোনটির বর্তমান অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করা সহজ হয়েছে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমতলি থানার উদ্যোগে মোট ৬২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ মোবাইল হারিয়ে ফেললে বা চুরি হলে সময় নষ্ট না করে অবিলম্বে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা উচিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিইআইআর পোর্টালে মোবাইলের তথ্য আপলোড করে প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন জেলা বা রাজ্যের অবস্থান শনাক্ত করে মোবাইল উদ্ধার করা সম্ভব হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিইআইআর পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ব্লক করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ফলে মোবাইলটি অন্য কেউ ব্যবহার করতে পারে না এবং পরবর্তীতে সেটি উদ্ধার হলে পুনরায় আনব্লক করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এতে মোবাইল চুরি ও অবৈধ ব্যবহারের প্রবণতা কমাতেও সহায়তা মিলছে।

ত্রিপুরা পুলিশের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পুলিশ প্রশাসনের আশা, নাগরিকরা দ্রুত অভিযোগ জানালে ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande