
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর শেষকৃত্যে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগ দিতে ইরান যাচ্ছেন দলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁকেই আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের খুরশিদ জানান, বিশেষ বিমানে তিনি তেহরানের উদ্দেশে রওনা দেবেন এবং শেষকৃত্য-সংক্রান্ত সমস্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করবেন। কংগ্রেস সভাপতি ও দলের পক্ষ থেকে তাঁর উপস্থিতির বিষয়টি ইতিমধ্যেই ইরান সরকারকে জানানো হয়েছে।
তিনি বলেন, শেষকৃত্যে বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলেও আসনসংখ্যা ও প্রতিনিধিদলের আকার সীমিত। তাই আর কারা এই সফরে থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়।
উল্লেখ্য, খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য বিজেপি ও কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিদের আমন্ত্রণ জানিয়েছে ইরান। ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জানা গেছে , ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত শেষকৃত্য-সংক্রান্ত কর্মসূচি চলবে। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে। পরে তেহরান ও কুমে শেষযাত্রা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা দরগাহ প্রাঙ্গণে খামেনেইকে সমাহিত করা হবে।
৮৬ বছর বয়সি আয়াতোল্লা আলি খামেনেই প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা-ইজরায়েলের হামলার সময় তাঁর মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য