
দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) : দিল্লির পর এবার দুর্গাপুরেও মুঘল সম্রাট আকবরের নামে থাকা রাস্তার নাম পরিবর্তনের দাবি উঠল। দুর্গাপুরের আকবর রোডের নাম বদলে ‘স্বামী ভক্তিবেদান্ত সরণি’ বা ‘ভক্তিবেদান্ত রোড’ করার দাবি জানানো হয়েছে। এই দাবি ঘিরে শিল্পশহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।
দুর্গাপুর ইস্পাতনগরীতে বর্তমানে ইসকনের উদ্যোগে রথযাত্রা উৎসব চলছে। কয়েক বছর ধরে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানকে জগন্নাথদেবের মাসির বাড়ি হিসেবে ব্যবহার করা হলেও, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর বিধিনিষেধের পর গত কয়েক বছর ধরে ডিএসপি টাউনশিপের এ-জোনের আকবর রোড সংলগ্ন আকবর গার্লস স্কুলের মাঠে সেই অনুষ্ঠান হচ্ছে। এই পরিস্থিতিতেই আকবর রোডের নাম পরিবর্তনের দাবি সামনে এসেছে।
দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে ২০৭ জন হিন্দু বিধায়ক রয়েছেন। এখানে আকবর, বাবর, শাহজাহানের নামে রাস্তা থাকা উচিত নয়। নাম পরিবর্তনের তালিকা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের কাছে পাঠানো হয়েছে। আকবর রোডের নাম পরিবর্তন করে ‘ভক্তিবেদান্ত রোড’ রাখার দাবি উঠেছে।”
উল্লেখ্য, ‘স্বামী ভক্তিবেদান্ত’ বলতে সাধারণত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রতিষ্ঠাতা-আচার্য এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকেই বোঝানো হয়।
এদিকে, পশ্চিমবঙ্গে বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। কলকাতার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করবে ওই কমিটি। বিভিন্ন প্রস্তাব পাওয়ার পর সেগুলি যাচাই করা হবে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামতও নেওয়া হতে পারে।
তবে এই দাবি নিয়ে রাজনৈতিক বিরোধিতাও শুরু হয়েছে। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন, “কোনও বিধায়ক বা মন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে শিল্পশহরের রাস্তার নাম বদল করা যায় না। সেল কর্তৃপক্ষকে সার্কুলার জারি করতে হবে এবং ইউনিয়নের সঙ্গে আলোচনা করতে হবে। এটা রাজনৈতিক প্রচারের চেষ্টা।”
অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, “দুর্গাপুর শহরে এমন বহু রাস্তার নাম রয়েছে, যেগুলির সঙ্গে নামের কোনও সামঞ্জস্য নেই। সেই সব রাস্তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গের মনীষীদের নামে নামকরণ করা হবে।”
উল্লেখ্য, এর আগে দিল্লির আকবর রোডের নাম পরিবর্তনের দাবিও তুলেছিল বজরং দল। দুর্গাপুরে একই ধরনের দাবি ওঠায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা